সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কের পদ্মা তেল ডিপোর সামনে গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।সূত্র জানায়, পদ্মা ডিপোর সামনে গতকাল সকালে একটি মাইক্রোবাস তেলবাহী একটি ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. শাহ আলম (৫৫) ও তাঁর ভাইয়ের ছেলে মো. রুবেল (২৩)। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু হানিফ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।নিহত ব্যক্তিদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের খীলমোগল গ্রামে।জানা যায়, শাহ আলমের ছেলে কামাল উদ্দিনের (২৮) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে গতকাল সকালে দেশে ফেরার কথা। শাহ আলম গতকাল ভোরে ছেলেকে আনতে পরিবারের ১৫ সদস্যকে নিয়ে মাইক্রোবাসযোগে রাঙ্গুনিয়া থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সকালে তাঁদের মাইক্রোবাসটি পদ্মা ডিপোর সামনে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে আবুধাবি থেকে আসা কামাল হোসেন সকালে বিমানবন্দর থেকে বেরিয়ে দুর্ঘটনায় হতাততের খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।