সড়ক দুর্ঘটনায় একজন নিহত, দুই ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর এলাকাবাসী মহাসড়কটি দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ কারণে কয়েক শ বাস, ট্রাকসহ অনেক যানবাহন আটকে পড়ে। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল হাশিমের (৬০) বাড়ি মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামে। সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এর প্রতিবাদে এলাকাবাসী মহাসড়কটি অবরোধ করে। পরে কটিয়াদী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।