সড়ক দুর্ঘটনায় একজন নিহত,বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর আইসিডি মোড়ে গতকাল বুধবার রাতে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় এক ব্যক্তি মারা গেছেন। বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে হানিফ পরিবহনের একটি বাস আইসিডি মোড়ে এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বিক্ষুব্ধ লোকজন বাসটি ধাওয়া করলে চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মুগদাপাড়া মোড়ে আটক করে এতে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই বাসটি ভস্মীভূত হয়। পরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।