সড়ক দুর্ঘটনায় একজন নিহত আহত ২৫
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত ও ২৫ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কিশোরের নাম সালাহউদ্দিন (১৭)।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ডেমরা চৌরাস্তায় চলন্ত লেগুনা থেকে নামার সময় পা ফসকে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত পায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে সপরিবারে মিরপুর ১২ নম্বর সেকশনে থাকত। গত মঙ্গলবার বিকেলে তার ডেমরার সারুলিয়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায় সালাহউদ্দিন। সেখান থেকে ফেরার পথে একটি লেগুনায় উঠে ডেমরার চৌরাস্তায় নামার সময় দুর্ঘটনায় পড়ে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, লেগুনার চালক ও তাঁর সহকারী মিলে আহত সালাহউদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাতুয়াইলে সে মারা যায়। এরপর তাঁরা ভয়ে সালাহউদ্দিনকে ফেলে পালিয়ে যান। রাত দেড়টার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এদিকে গত বুধবার বিকেলে বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে পেছন থেকে সেটিকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে অন্তত ২৫ যাত্রী আহত হন। তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ বলেছে, গাজীপুর পরিবহন নামের একটি বাস মহাখালী থেকে উত্তরার দিকে যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে বাসটি কুর্মিটোলা হাসপাতাল ও গলফ ক্লাবের মাঝের অংশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তখনই পেছনে থাকা আরেকটি বাস সেটিকে থেকে ধাক্কা দেয়। এতে গাজীপুর পরিবহনে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।