সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলেক খান (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-শংকরপাশা সড়কের বর্ণি সরদারবাড়ির মোড়ে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মো. আলেক খান খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানী গ্রামের আবদুল ছাত্তার খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আলেক খান নড়াইল-শংকরপাশা সড়ক দিয়ে মোটরসাইকেলে করে তাঁর কর্মস্থল ফরিদপুরের বোয়ালমারী যাচ্ছিলেন। যাওয়ার পথে বর্ণি সরদারবাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এসআই মো. আলেক খান একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যশোরের অভয়নগরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। অভয়নগর থানা-পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।