কলেজছাত্র মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও এক শ্রমিক নিহত
রাজশাহীর পুঠিয়ায় ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) চালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শোভন ইসলাম (২২) নামের এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়িতে থাকা তাঁর তিন বন্ধুও। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পাথর বহনকারী ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম জিয়ারুল ইসলাম (৪০)।
পুঠিয়ায় নিহত শোভন রাজশাহী কলেজের বিবিএর ছাত্র ছিলেন। তিনি রাজশাহী নগরের ভদ্রা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। শোভনের সঙ্গে থাকা আহত বন্ধুদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শোভনের চিকিৎসাধীন বন্ধুরা বলেন, তাঁরা চার বন্ধু মিলে শোভনের গাড়িতে করে গতকাল সোমবার রাজশাহী থেকে ফরিদপুর বেড়াতে যাচ্ছিলেন। পুঠিয়ার ঝলমলিয়ায় তাঁদের প্রাইভেট কারটিকে একটি ট্রাক ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শোভন মারা যান।
তবে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী হাইওয়ে পুলিশের একটি সূত্র অবশ্য জানিয়েছে, মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন শোভন। তাঁর তিন বন্ধুও মদ্যপ ছিলেন। উদ্ধার করা গাড়িটির ভিতরেও মদের বোতল পাওয়া গেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের বোর্ডপাড়া বাজারের কাছে গতকাল পাথর বহনকারী ট্রাক্টর উল্টে জিয়ারুল নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের ধুলাউড়িহাট-সংলগ্ন চাকলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ভোর ছয়টার দিকে বোর্ডপাড়া বাজারের কালার মোড়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের ওপরে থাকা শ্রমিক জিয়ারুল পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালকসহ দুজন আহত হন। আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।