সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও ব্যবসায়ীসহ তিনজন নিহত
গাজীপুরে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র, ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কলেজছাত্র সদর উপজেলার দেশীপাড়া এলাকার আ. লতিফ মিয়ার ছেলে শাহিন তালুকদার ওরফে হীরণ (২২), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আবদুল হকের ছেলে কসমেটিক ব্যবসায়ী শাহজাহান মিয়া (২৮) ও অজ্ঞাত (৬০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শাহজাহান মিয়া মোটরসাইকেলযোগে ভালুকা থেকে গাজীপুরের দিকে যাওয়ার পথে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সাড়ে আটটার দিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে শাহজাহান মিয়া ঘটনাস্থলে মারা যান। তাঁর লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল ভোরে একই মহাসড়কে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় ৬০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। তাঁর পরিচয় জানা যায়নি। বৃদ্ধের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত এবং অপরজন আহত হয়েছেন। নিহত শাহিন তালুকদার গাজীপুর সদর উপজেলার থানা কাউন্সিল এলাকার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় আহত মামুন মিয়া (২১) একই বিভাগ ও সেমিস্টারের ছাত্র।