সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও ভিক্ষুক নিহত
রংপুরের পীরগাছা উপজেলায় গতকাল বুধবার ট্রাকের চাপায় এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। গত মঙ্গলবার নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত ও দুজন আহত হয়েছেন।পীরগাছা উপজেলার বড়দরগা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় গতকাল ট্রাকের চাপায় প্রতিবন্ধী ভিক্ষুক কলিমুদ্দিন (৫৫) নিহত হন। বেলা তিনটার দিকে কল্যাণী ইউনিয়নের বড়দরগা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বাজারের পূর্ব দিক থেকে পণ্যবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে গেছেন।তাঁর বাড়ি উপজেলার ল্যাংড়ার বাজার এলাকায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।নীলফামারীর ডিমলা উপজেলার যোগেডিমলা-টুনিরহাট সড়কের ব্র্যাক কার্যালয়ের সামনে মঙ্গলবার রাতে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী সত্য রঞ্জন রায় (২২), আশরাফুল (২২) ও জোবায়দুর (২১) আহত হন। স্থানীয় লোকজন প্রথমে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সত্য রঞ্জন মারা যান। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের শ্রীমন্ত রায়ের ছেলে ও এবার রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।