সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রিয়াজ মাহমুদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসে সকাল নয়টায় এই দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বাইসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন।
জানা গেছে, রিয়াজ মাহমুদ কলেজে যাওয়ার পথে বড়তাকিয়া বাইপাসে গেলে চট্টগ্রামমুখী দ্রুতগামী বিরতিহীন ভলবো বাস রিয়াজকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে মিরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়াজ মাহমুদ উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী। মিরসরাই থানা পুলিশ গ্রিন লাইন ভলবো সার্ভিসের বাসটি জব্দ করেছে। অপরদিকে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিয়াজের মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশ দুজন ছাত্রকে আটক করে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর নিহত ছাত্রের উত্তেজিত সহপাঠীরা গাড়ি ভাঙচুর করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দুজন ছাত্রকে আটক করে। পরে কলেজের অধ্যক্ষ মো. নুরুল আবসার এসে তাদের নিয়ে যান। রিয়াজ মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আহমঞ্চদ সোবহান নতুন কাপ্তানবাড়ীর প্রবাসী ও ব্যবসায়ী রিদোয়ানুল হকের বড় ছেলে।