সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
পাবনার চাটমোহর-হরিপুর সড়কের ধরইল শালমারা এলাকায় গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী জিন্নাহ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বরুরীয়া গ্রামে। দুর্ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাত সাড়ে আটটার দিকে জিন্নাহ তাঁর বন্ধু মুকুল হোসেনকে (১৮) নিয়ে মোটরসাইকেলে করে হরিপুর থেকে চাটমোহর আসছিলেন। ঘটনাস্থলে একটি রিকশাভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের দুই আরোহী ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিন্নাহর মৃত্যু হয়।