সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, শিক্ষা কর্মকর্তা আহত
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত এবং এক শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নিহত কলেজছাত্রের নাম মো. সাজ্জাদ হোসেন। তিনি কটিয়াদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া পৃথক দুর্ঘটনায় মো. লুৎফুর রহমান নামের এক শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. সাজ্জাদ হোসেন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাদকে কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।
করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছমা আরা ও কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ ঘটনা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন।