সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরে কলেজছাত্র, বরিশালের উজিরপুরে গৃহবধূ, ফরিদপুরের নগরকান্দায় বৃদ্ধা ও রাজবাড়ীর পাংশায় এক কৃষক নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার মালঞ্চ টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মহিনুল ইসলাম শনিবার দুপুর ১২টার দিকে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মাহবুবর রহমানের সঙ্গে মোটরসাইকেলযোগে শ্যামনগর সদর থেকে কলেজে ফিরছিল। সঙ্গে ছিল কলেজের জন্য কেনা প্লাস্টিকের কয়েকটি চেয়ার। মোটরসাইকেলটি শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের মহসীন কলেজের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে দুজন রাস্তায় ছিটকে পড়ে। এ সময় বাসের চাকা মহিনুলের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মহিনুল মারা যায়। মহিনুল ইসলাম শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের আবদুল গনির ছেলে।বরিশাল: গতকাল সকাল ১০টার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস মোর্শেদা বেগম (৩০) নামে এক নারীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার শিকারপুর এলাকার মহসিন মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফরিদপুর: নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের সোয়াদিয়া গ্রামে গতকাল রোববার বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় সুফিয়া বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার হারেমদী ইউনিয়নের মাধবকুণ্ডু গ্রামের বাসিন্দা। তিনি নাতির মুসলমানির অনুষ্ঠানে যোগ দিতে সোয়াদি গ্রামে যাচ্ছিলেন। রাজবাড়ী: পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নতুন বাজারের কাছে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নছিমনের চাপায় কৃষক রমেশ শীল মারা গেছেন। তিনি পাট্টা ইউনিয়নের জুনা গ্রামের মৃত দিজেন্দ্রনাথ শীলের ছেলে। তিনি মাথায় পাট নিয়ে বিক্রি করতে যাচ্ছিলেন। পাংশা-নাঙ্গলবাধ সড়কের নতুন বাজার এলাকায় দুটি নছিমন একটি অপরটিকে অতিক্রম করার সময় তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।