সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দরবেশ মিয়া (৪০) ও ইনজামামুল হক (২০)।
দরবেশ মিয়ার বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। ইনজামামুলের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহত তিনজনকে হাইওয়ে পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যাত্রীবাহী অটোরিকশাটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দিকে যাচ্ছিল। আর শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সরাইলের ইসলামাবাদ নামক স্থানে যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাস নিয়ে চালক পালিয়েছেন।