সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গতকাল বুধবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীসহ দুজন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন। একই দিন নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মসজিদের এক ইমাম প্রাণ হারিয়েছেন।
চারঘাট থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চারঘাট উপজেলার নাওদাড়া পুলিশ বক্সের সামনে বাঘা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পুঠিয়ার বানেশ্বর থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল নয়টার দিকে এ দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন বাসচালক আসাদুল, তাঁর সহকারী লালবর আলী (২৮), কলেজছাত্রী নাজমুন্নাহার ওরফে জলিসহ আহত ব্যক্তিদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে নাজমুন্নাহারসহ দুই যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে লালবর আলী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নাজমুন্নাহার মারা যান। নিহত লালবর আলী চারঘাট উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আর নাজমুন্নাহার একই উপজেলার চকগঁওরা গ্রামের আবদুস সাদেকের মেয়ে। নাজমুন্নাহারের ভাই রেজাউল করিম জানান, নাজমুন্নাহার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। সকালে তিনি পুঠিয়ার বানেশ্বরে কোচিং করতে যাচ্ছিলেন।
সৈয়দপুরে নিহত ইমামের নাম হাফেজ মোহাম্মদ আলী আযম (৬৫)। তিনি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের হাফেজপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি বেশ কয়েক বছর ধরে সৈয়দপুর শহরের ওয়াপদা নয়াহাট জামে মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়াচ্ছিলেন। গত মঙ্গলবার রাতেও তিনি ওই মসজিদে তারাবির নামাজ পড়ান। গতকাল তিনি সৈয়দপুর ওয়াপদা নয়াহাট থেকে বাইসাইকেলে করে পার্বতীপুরে ছেলের বাসায় যাচ্ছিলেন। সকাল সোয়া নয়টার দিকে সৈয়দপুর শহরের পার্বতীপুর রোডের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক্টরের চালক রশিদুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে।