সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত, আহত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকায় গতকাল বুধবার মাইক্রোবাসের ধাক্কায় এক কারারক্ষী নিহত হয়েছেন। গত মঙ্গলবার যশোরের চৌগাছার কমলাপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তি গতকাল মারা গেছেন।
দামুড়হুদায় নিহত কারারক্ষীর নাম সাইদুর রহমান (৩২)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মোহাম্মদ এবাদুল্লাহর ছেলে এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের রক্ষী ছিলেন। যশোরে মারা যাওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫)। তাঁর বাড়ি চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন।
দামুড়হুদা মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাইদুর একটি মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের কোষাঘাটায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লোকজনের সহায়তায় পুলিশ মাইক্রোবাসসহ চালককে আটক করে। আটক হওয়া চালকের নাম ফিরোজ হোসেন (২৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে।
দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম গত রাত নয়টার দিকে বলেন, ফিরোজ থানা-হাজতে রয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে যশোরে মারা যাওয়া আনোয়ার হোসেনের ছেলে তৌকির জামান বলেন, তাঁর বাবা কমলাপুর এলাকায় আবুল কাশেমের ইটভাটায় কাজ করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি খড়িঞ্চা কমলাপুর মোড়ে যশোর-চৌগাছা সড়ক পার হয়ে ভাটায় যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।