সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাজধানীর লালবাগ থানা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. জুয়েল (১৫) নামের এক কিশোর মারা গেছে। ঘটনায় মো. জাহাঙ্গীর (১৬) ও মো. মোকতার (১৫) নামে আরও দুজন কিশোর আহত হয়েছে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু রায় প্রথম আলোকে জানান, নিহত ও আহত কিশোরেরা ভ্রাম্যমাণ মোটরসাইকেল মেরামতকারী। গতকাল বেলা দেড়টার দিকে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে লালবাগ থানা এলাকার বেড়িবাঁধের লোহার ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসআই পিন্টু রায় জানান, জুয়েল পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকত। তার বাবার নাম দেলোয়ার হোসেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে।