সড়ক দুর্ঘটনায় কিশোরসহ ছয়জন নিহত
গত দুই দিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ ছয়জন নিহত ও ছয় শিশু আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: এনায়েতপুর-শাহজাদপুর সড়কের গাবতলায় গতকাল শনিবার একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেলের চালক হাসান আলী (৩৮) নিহত হন। নিহতের বাড়ি রূপনাই গ্রামে। ফরিদপুর: শুক্রবার নগরকান্দা উপজেলার নগরকান্দা-পুরাপাড়া সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ওহিদুজ্জামান (৪০) নামে এক ঠিকাদার নিহত হন। তাঁর বাড়ি নগরকান্দা উপজেলা সদরে। গৌরনদী (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর অশ্বিনীকুমার মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন কবি বাড়ি সেতুর সামনে গতকাল যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী ফিরোজ মৃধা (৩০) মারা যান। তাঁর বাড়ি গৌরনদীর বাসুদেবপাড়া গ্রামে। টাঙ্গাইল: টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ি উপজেলার রূপশান্তি নামক স্থানে গতকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকের সহকারী নিহত ফিরোজ (২৪) নিহত হন। তিনি জামালপুর সদর উপজেলার কুমারপাড়ার বাসিন্দা। ভোলা: ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার আলম বাজার এলাকায় গতকাল একটি বাস সাইকেলকে চাপা দিলে সাইকেল চালক মো. মিলন (১৮) নিহত হন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): শুক্রবার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা পেট্রলপাম্পের কাছে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা নসিমনকে ধাক্কা দেয়। এতে মালবোঝাই নসিমনটি আসলাম মার্কেটের সামনে আছড়ে পড়লে সেখানে ক্যারম বোর্ড খেলায় ব্যস্ত কয়েকটি শিশু-কিশোর চাপা পড়ে। এতে সোহেল (১৬) নিহত এবং ছয়জন আহত হয়।