সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় নিহত দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন: কুষ্টিয়ার মিরপুর উপজেলার দাঙ্গাপাড়া গ্রামের আজিজুল হক (৪৫) ও সিরাজগঞ্জের আবদুল হাকিম (৪০)। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাতটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিআরবি কেবলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে কুষ্টিয়াগামী একটি ট্রাক সাইকেল আরোহী আজিজুল হককে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে সোমবার গভীর রাতে একই সড়কের আলামপুর বাজারে মংলা থেকে ছেড়ে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিলিন্ডারবাহী ট্রাকের চালক আবদুল হাকিম গুরুতর আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।