সড়ক দুর্ঘটনায় কৃষক ও পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। একই দিন যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি এলাকায় যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় পুলিশের এক সদস্য প্রাণ হারিয়েছেন।
তালায় নিহত কৃষকের নাম এরফান হোসেন (৫০)। তাঁর বাড়ি দাতপুর গ্রামে। যশোরে নিহত পুলিশ সদস্য হলেন ফিরোজ চৌধুরী (২১)। তিনি খুলনা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার দুর্গাবরকাঠি গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে এরফান হোসেন সাইকেলে করে পাটকেলঘাটা থেকে তাঁর বাড়ি দাতপুরে যাচ্ছিলেন। কদমতলায় খুলনাগামী একটি ট্রাক এরফান হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকচালক মমিনুর রহমান ও তাঁর সহযোগী আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে ফিরোজ চৌধুরী ও তাঁর চাচাতো ভাই নূর আলম মোটরসাইকেলে করে যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলেন। চূড়ামনকাঠি এলাকায় তাঁদের পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।