সড়ক দুর্ঘটনায় কৃষক ও ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার যশোরে এক কৃষক এবং রাজবাড়ীতে এক ভ্যানচালক প্রাণ হারিয়েছেন।

নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রামের কৃষক আবদুর রশিদ (৪২) ও রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের ভ্যানচালক কমর আলী প্রামাণিক (৫০)।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে রশিদ খেত থেকে সরিষা তুলে ভ্যানে ভরে পাশাপাশি সাইকেলে করে সাতমাইল-হাশিমপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। সাতমাইল বাজার থেকে কিছুটা দূরে ছোট হৈবতপুর এলাকায় পৌঁছালে হাশিমপুর থেকে সাতমাইলগামী একটি ধানবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়।

কমর আলী প্রামাণিক গতকাল বেলা একটার দিকে বাড়ি থেকে ভ্যান চালিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে নিয়ে বানীবহ বাজারে আসছিলেন। রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বানীবহের প্রেমের বটতলায় পৌঁছালে বালিয়াকান্দিগামী একটি ইটভাটার ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান।