সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল হামিদ মুন্সী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ মুন্সী উপজেলার কৃষক লীগের সভাপতি। তাঁর বাড়ি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার তালুকদার বলেন, আহতদের মধ্যে আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঠবাড়িয়া থেকে বাসটি জেলা আওয়ামী লীগের (যশোর-ব-৭৩৬) সদস্যদের নিয়ে পিরোজপুরে দলের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিল। আব্দুল হামিদ মুন্সীও সম্মেলনে যোগ দিতে মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আবদুল হামিদ মুন্সী নিহত হন। আহত হন ১৫ জন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার পর থেকে বাসের চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সম্মেলনে পিরোজপুর ১ আসনের দলীয় সাংসদ একে এম এ আউয়াল আবদুল হামিদ মুন্সীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানান। সম্মেলনে শোকপ্রস্তাব গৃহীত হয়।