সড়ক দুর্ঘটনায় কৃষক লীগের নেতাসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামিরার চর এলাকায় গত বৃহস্পতিবার রাতে লেগুনা ও অটোরিকশার মখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। গতকাল শুক্রবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসের ধাক্কায় জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলম পালোয়ান (৪০) প্রাণ হারান।
কাপাসিয়ায় নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার চর হাজী খাঁ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৩০), ইসলাম উদ্দিনের ছেলে অটোরিকশার চালক ফারুক হোসেন (২৫) ও লেবুতলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (৩০)। নিহত আরেক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, কাপাসিয়া থেকে গাজীপুরগামী একটি লেগুনার চালক বৃহস্পতিবার রাত ১০টার পর দেখতে পান, জামিরার চর এলাকায় রাস্তার মধ্যে এক যুবক দাঁড়িয়ে আছেন। চালক ওই ব্যক্তিকে রক্ষা করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি উল্টে যায়। এতে অজ্ঞাতনামা ওই যুবক, অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী আহত হন। এঁদের মধ্যে ওই যুবক ও চালক ফারুককে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত যাত্রী পারভীন আক্তার ও জসীম উদ্দিন রাত একটার দিকে নরসিংদী হাসপাতালে মারা যান। অপর আহত ব্যক্তি কাপাসিয়ার আড়ালিয়া গ্রামের খোকন মিয়া (৪৫), তাঁর স্ত্রী ফরিদা পারভীন (৩৫) ও তাঁদের মেয়ে মেরীকে (২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের সালনা এলাকার কৃষক লীগ নেতা আলম পালোয়ান গাজীপুরের পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দাওয়াত কার্ড পৌঁছে দিতে আলম পালোয়ান মোটরসাইকেলে করে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের সাংসদ মো. জাহিদ আহসানের বাসায় যাচ্ছিলেন। সকাল আটটায় টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভিআইপি ২৭ পরিবহনের একটি বাস আলম পালোয়ানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যান।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে সাংসদ জাহিদসহ নিহতের স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।