সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় গত রোববার ট্রাকের চাপায় একজন কৃষি কর্মকর্তা এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে শনিবার ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া চেয়ারম্যানের মোড়ে গত রোববার একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মান্দা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন (২৬) নিহত হন। তিনি গণেশপুর ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে ফিরছিলেন। নিহত ব্যক্তির বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশোরহাট গ্রামে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার গোজা ব্রিজের কাছে গত শনিবার রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। তাঁরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার খলিসাকুড়া গ্রামের ফজিলা খাতুন (৪০) ও সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা মহল্লার নজরুল ইসলামের স্ত্রী জলি খাতুন (৩৫)।