সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫৫) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় মিনহাজুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
নিহত নাজিম উদ্দিন দৌলতপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এবং মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডিতে কৃষি কোয়ার্টারে বাস করতেন।
দৌলতপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নাজিম উদ্দিন দুপুরের দিকে তাঁর মোটরসাইকেলে দৌলতপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে দৌলতপুর উপজেলা বাজারে যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
শালিখা থানার ওসি রবিউল ইসলাম বলেন, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের পাঁচ কর্মী একটি মাইক্রোবাসে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। সকাল ছয়টার দিকে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলে মিনহাজুল ইসলাম মারা যান ও অন্য চারজন আহত হন।