সড়ক দুর্ঘটনায় গাজীপুরে এএসআই, সোনারগাঁয়ে কলেজশিক্ষক নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলায় গতকাল শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই কনস্টেবলসহ তিনজন। এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাসের চাপায় এক কলেজশিক্ষক প্রাণ হারিয়েছেন।
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশীদ, কনস্টেবল মানিক মিয়া ও জব্বার হোসেন এবং মাইক্রোবাসচালক ফারুক মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এএসআই হারুন মারা যান। অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, এএসআই হারুনের লাশ তাঁর গ্রামের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আহত তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে সোনারগাঁয়ে নিহত কলেজশিক্ষকের নাম আবদুল আউয়াল মিয়া (৫৬)। শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আউয়াল মিয়া সোনারগাঁ ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন। তাঁর বাসা কলেজের পাশে পিয়ারনগর গ্রামে।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।