সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ও যুবক নিহত, আহত ৭
রংপুরের বদরগঞ্জে গতকাল রোববার ট্রলিচাপায় এক গৃহবধূ নিহত এবং তাঁর স্বামী ও ছেলে আহত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে বদরগঞ্জ উপজেলার হাঁড়িভাঙ্গা গ্রামের মজিবুর রহমান মোটরসাইকেলে স্ত্রী তাসমিরা ও পাঁচ বছরের ছেলে মহিতকে নিয়ে বদরগঞ্জ পৌর শহরের চেতনা বিদ্যানিকেতনে যাচ্ছিলেন। পথে বদরগঞ্জ-ঢুগঢুগিরহাট সড়কের বুড়ারদোলা এলাকায় আলুবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মজিবুর রহমান (৪২), তাসমিরা (৩৫) ও মুহিত আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাসমিরা মারা যান। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তাসমিরা মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত নয়টার দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী গ্রাম থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি টেম্পোতে ছয়জন বাড়াইপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে শিমুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী টেম্পোটি দুমড়েমুচড়ে গেলে ছয় যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শাকিল মিয়া (২৫) নামের এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চোরগাছা গ্রামের রানু মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী গ্রামের জোবেদ আলী (৪০), টেম্পোচালক কালুগাড়ী গ্রামের আবুল কালাম (৪২), বাড়াইপাড়া গ্রামের কোহিনুর বেগম (৪৫), জোবেদা বেওয়া (৫৫) ও জরিনা বেগম (৪০)। এঁদের মধ্যে জোবেদা ও কালাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পলাশবাড়ী ওসি মজিবুর রহমান জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।