সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুজন নিহত
রাজধানীর মিরপুর ও উত্তরায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, আলো তারা বেগম (৪২) ও রিকশাচালক শামসুল হোসেন (৩৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে মিরপুর থানার কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে বিকল্প পরিবহনের একটি মিনিবাস শামসুল হোসেনের রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক শামসুল ঘটনাস্থলে মারা যান। রিকশাযাত্রী মিজানুর রহমান ছিটকে পড়ে আহত হন। মিজানুর রহমান কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে রিকশা ভাড়া করে পূর্ব মণিপুরের বাসায় যাচ্ছিলেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, চালকসহ মিনিবাসটি আটক করা হয়েছে।সকালের দিকে উত্তরা থানার কাছে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আলো তারা বেগম (৪২) নামে এক গৃহবধূ প্রাণ হারান। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। নিহত আলো তারা বেগম দক্ষিণখান থানা এলাকার আজিমপুর মুক্তিযোদ্ধা সরণিতে থাকতেন। তাঁর স্বামীর নাম খালেদ হাওলাদার। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলায়।