সড়ক দুর্ঘটনায় চা-বিক্রেতাসহ নিহত ২
সাতক্ষীরার কলারোয়ায় গতকাল রোববার পিকআপের চাপায় এক চা-বিক্রেতা নিহত হয়েছেন। এ ছাড়া রাজবাড়ীর কালুখালী উপজেলায় গত শনিবার নসিমনের চাপায় এক রাজমিস্ত্রি নিহত হন।সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়ার কাজীরহাট এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে মাছবোঝাই একটি পিকআপের চাপায় চা-বিক্রেতা ওজিয়ার রহমান (৪০) নিহত হন। তিনি কলারোয়া উপজেলার পিটুনি গ্রামের কালু গাজীর ছেলে। এ ঘটনায় স্থানীয় জনতা সাতক্ষীরা-যশোর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, পুলিশ পিকআপটি আটক করেছে। চালক পালিয়ে গেছেন। ওজিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী-বালিয়াকান্দি সড়কের পবন পাঁচবাড়িয়া ইটভাটার কাছে শনিবার সন্ধ্যা ছয়টায় শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নসিমনের চাপায় রাজমিস্ত্রি নিমাই চন্দ্র (২৯) নিহত হন। তিনি মাগুরার শ্রীপুরের বালিয়াঘাটা গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে।