সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজিসহ নিহত ৪
বগুড়ার শাহজাদপুরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজি নিহত হয়েছে। গত রোববার শেরপুরে ট্রলির ধাক্কা ও ট্রাকের চাপায় আরও দুজন নিহত হয়। বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় গতকাল একটি ট্রাক একটি টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোর যাত্রী শেরপুর উপজেলার দড়িপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আবদুল হান্নান (৩০) ও তাঁর ভাতিজি নয়মাইল হরিহারা কিন্ডারগার্টেনের ছাত্রী মেঘলা (৭) নিহত হয়। এই দুর্ঘটনায় টেম্পোর আরও তিন যাত্রী মেঘলার মা রত্না বেগম (৩০) এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র কানন (৭) ও কলি (৭) গুরুতর আহত হয়। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে নয়মাইল বাজারে গতিরোধক নির্মাণের দাবিতে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।শেরপুর উপজেলার জামাইল সড়কের বীরগাঁও এলাকায় রোববার একটি ট্রলির ধাক্কায় জরিনা বেগম (৭৫) নিহত হন। তিনি উপজেলার দক্ষিণ পেঁচুল গ্রামের মৃত মহিরউদ্দিনের স্ত্রী। একই দিন ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় মহিরউদ্দিন (৫০) নিহত হন। নিহতের বাড়ি শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া গ্রামে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে।