সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৪
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় আবদুর রহিম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই দিন বাগেরহাটে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী মজিবর রহমান হাওলাদার (৫০) এবং পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেলের চাপায় পিষ্ট হয়ে মারিয়া (৪) নামের একটি শিশু মারা গেছে।এদিকে গত বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় কামরুল ইসলাম (১০) নামের অপর একটি শিশু নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: গতকাল সকাল সাতটার দিকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক পাটকেলঘাটা সেতুর ওপর কৃষক আবদুর রহিমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের জহরত মোড়লের ছেলে।বাগেরহাট: গতকাল বিকেলে ছেলের সঙ্গে মোটরসাইকেলে চড়ে খুলনা থেকে বাগেরহাট শহরের বাসায় ফেরার পথে বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মজিবর রহমান হাওলাদার নিহত এবং তাঁর ছেলে আল আমিন হোসেন (৩০) আহত হয়েছেন।বাউফল (পটুয়াখালী): উপজেলার ধুলিয়া ইউনিয়নের ব্যাঙের বাজার এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের চাপায় পিষ্ট হয়ে শিশু মারিয়া মারা যায়। সে উপজেলার মমিনপুর গ্রামের কামাল হাওলাদারের মেয়ে।এলাকাবাসী জানায়, মায়ের সঙ্গে বাজারে বিস্কুট কিনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে লোকজন উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।বরিশাল: বুধবার সকাল ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস বাবুগঞ্জের রামপট্টি এলাকায় কামরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।