সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৭
চট্টগ্রামের লোহাগাড়া, ফরিদপুরের ভাঙ্গা, ঝালকাঠির রাজাপুর ও গাজীপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ট্যাক্সি ও টেম্পোচালকসহ সাতজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত ট্যাক্সির সংঘর্ষ হয়। এতে ট্যাক্সিচালক সাতকানিয়া উপজেলার নুরুল আবসার (৪২) এবং যাত্রী চকরিয়ার সৈয়দ হোসেন, ইসমাইল ও লোহাগাড়ার রিয়াজ উদ্দিন নিহত হন। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় গতকাল শুক্রবার গাড়ির ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমনের চালক মো. আলমগীর (২৬) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার খাকান্দা গ্রামে। ঝালকাঠি: রাজাপুর-পিরোজপুর সড়কের রাজাপুরের নৈকাঠির নারিকেলবাড়িয়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী টেম্পো উল্টে যায়। এতে টেম্পোচালক ইমরান হোসেন (২৫) নিহত হন। টেম্পোর যাত্রী মতিউর রহমান (৪৫), নুরুল হক (৩৫), মো. ইয়ামিন (২২) ও বাবুল উকিল (৫০) আহত হন। তাঁদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের দক্ষিণ সালনায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সফিকুল ইসলাম (২৫)। তিনি শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মো. শাহাজউদ্দিনের ছেলে।