সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী টেম্পো ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মাদারীপুরে আনসার সদস্যদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এ ছাড়া নীলফামারীতে এক স্কুলছাত্র ও দিনাজপুরে এক ব্যক্তি নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার কাশিয়ানী উপজেলার রাতইল আইডিয়াল কলেজের সামনে গতকাল সকালে একটি যাত্রীবাহী টেম্পো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শৈলেন বিশ্বাস (৫০)। বাড়ি মাগুরার শালিখা থানার বাকলবাড়িয়া গ্রামে। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে একজন নারী। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পিকআপ ভ্যানের যাত্রীরা নড়াইল থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের স্নানোৎসবে স্নান করতে যাচ্ছিলেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মাদারীপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার রাজৈর সানেরপাড় এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে ফরিদপুর থেকে বরিশালগামী আনসার বাহিনীর সদস্যদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামের মান্নান হাওলাদার (৬০) ও মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী এলাকার শওকত হাওলাদার (৩০) নিহত হন।।নীলফামারী: প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথি সড়কে গতকাল সকালে বালুবোঝাই পাওয়ারট্রলির ধাক্কায় শামস শান্ত (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এলাকাবাসী পাওয়ারট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। শান্ত মৌজাপাঙ্গা গ্রামের আজাহার ইসলামের ছেলে ও উত্তরপাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। পার্বতীপুর (দিনাজপুর): এলাকাবাসী জানায়, উপজেলার তুলসীপুকুরে গতকাল বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলার খোলাহাটির করতোয়া নদীর বারুনি মেলা থেকে স্নান সেরে বেলাইচণ্ডী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের তরণীকান্ত রায় (৭৫) ও ভূজালিপাড়া গ্রামের বিশ্বনাথ রায় (৬৫) ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুই টুকরো হয়ে যায়। এ সময় তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সোয়া তিনটায় বিশ্বনাথ মারা যান।