সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় সিরাজগঞ্জ সদর উপজেলায় দুজন এবং নওগাঁয় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া নাটোরের বড়াইগ্রামে বাস উল্টে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সদর উপজেলায় নিহত ব্যক্তিরা হলেন জেলার এনায়েতপুর থানার চারাবাড়ী গ্রামের আবুল কালাম (৫০) ও বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের বেলাল হোসেন (৩০)।
গতকাল শুক্রবার আবুল কালাম ও বেলালসহ তিনজন মোটরসাইকেলে করে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ আসছিলেন। ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বেলাল প্রাণ হারান। কালামসহ দুই মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাঁদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে কালাম মারা যান।
আদমদীঘি (বগুড়া): নওগাঁয় নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বলিহার ইউনিয়নের কিসমত কসবা গ্রামের আবদুস সামাদ সরদার (৫৫) ও আবুল কাশেম (৫৫) এবং মনোহরপুর গ্রামের ফটিক হোসেন (৩৮)।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার পাকুরিয়া গ্রামে বিএনপির কর্মিসভা শেষে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি শাখা রাস্তা থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় প্রধান সড়কে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি আরোহী প্রাণ হারান। দুর্ঘটনার পর বাসের চালক বাসটি ফেলে পালিয়ে যান। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাবলাতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের কাছে কোমরপুর চৌমাথা এলাকায় গতকাল শুক্রবার মাইক্রোবাসের ধাক্কায় নান্নু মণ্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নান্নু মণ্ডল উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, নান্নু মণ্ডল গতকাল দুপুরে বাইসাইকেলে করে বাড়ি থেকে কোমরপুর বাজারে যাচ্ছিলেন। কোমরপুর চৌমাথা মোড়ে রংপুর থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস নান্নুকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নাটোর: গতকাল শুক্রবার বড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এক শিশুসহ তিন যাত্রী নিহত হয়। পুলিশ নিহতদের পরিচয় জানাতে পারেনি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, বেলা তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয় মাসের এক শিশুসহ তিন যাত্রী প্রাণ হারায়। এ সময় অন্তত ২০ জন যাত্রী আহত হন।