সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় গতকাল শনিবার বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। একই দিন ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বাইসাইকেলের দুই আরোহীকে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ঘটনাস্থলেই বাইসাইকেলের দুই আরোহী ও বাসের চালক নিহত হন। এ ছাড়া সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন এবং ফরিদপুরে একজন নিহত হয়েছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: পীরগাছা (রংপুর): শনিবার বিকেল চারটার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের উজ্জ্বল মিয়া (৩৮) তাঁর স্ত্রী ঝরনা বেগম (৩০) ও ছেলে প্রিতমকে (৮) নিয়ে মোটরসাইকেলে করে রংপুরে যাওয়ার পথে দেউতি এলাকায় রংপুর থেকে পীরগাছাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।বরিশাল: সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস কর্ণকাঠি এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাইসাইকেলের দুই আরোহীকে চাপা দিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক মো. ফারুক তালুকদার (৩৫) ও বাইসাইকেলের আরোহী কাঠমিস্ত্রী কর্ণকাঠি এলাকার বায়েহরচর গ্রামের মো. সুমন হাওলাদার (১৮) নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর সুমনের ভাগনে লিটন হাওলাদার (৮) মারা যায়। এ ছাড়া আহত হয় বাসের ২২ জন যাত্রী।সিরাজগঞ্জ: দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি মোটরসাইকেল রাস্তার ওপর উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবু হোরাইরা (৩০) নামের একজনের মৃত্যু হয়। অপরদিকে, ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী কনক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কনক পরিবহনের বাসটির চালক মারা যান।ফরিদপুর: বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকায় ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে সামনে থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক শহীদুল (৩০) ও দোদল সিকদার (৩৫) আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দোদল মারা যান।