সড়ক দুর্ঘটনায় চার জেলায় শিক্ষকসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গত শুক্রবার রাতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে সিরাজগঞ্জের দুজন নিহত হয়েছেন। একই রাতে লালমনিরহাটের পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও বগুড়ার শেরপুরে ট্রাকের নিচে চাপা পড়ে শিক্ষক মারা গেছেন। এ ছাড়া, গতকাল শনিবার নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন৷ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ থেকে সাতজন যাত্রী একটি মাইক্রোবাস নিয়ে সিলেটের মাজারের উদ্দেশে রওনা হন। শুক্রবার রাতে তাঁরা মাইক্রোবাসটি নিয়ে সিলেট থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। শনিবার ভোরের দিকে মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বালিয়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন৷ নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লার গোলাম মরতুজা (৫০) ও মিরপুর মহল্লার আতাব আলী (৪৮)। এ ছাড়া, এ ঘটনায় আহত হন আরও পাঁচজন৷
শেরপুর (বগুড়া): জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন (৫৮) শুক্রবার রাতে পাবনা থেকে যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে বাসটি রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় যাত্রাবিরতি করে৷ এ সময় তিনি মহাসড়কের পূর্ব পাশে দোকানে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দেয়৷ এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান৷
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের ঘুন্টিঘর এলাকায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে এদের মধ্যে নুর আলমকে (১৪) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়৷
আদমদীঘি (বগুড়া): গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার গোবিন্দপুর মোড়ে নওগাঁগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়৷ এতে সাইকেল আরোহী সোলায়মান আলী (৫৫) ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান৷ সোলায়মান আলী নিয়ামতপুর উপজেলার শেফায়েতপুর গ্রামের বাসিন্দা ছিলেন৷ দুর্ঘটনায় ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।