সড়ক দুর্ঘটনায় চার নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের দুলাপুর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই ছাত্রদলের নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সামছুল ইসলাম (৪৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মিঠাপুকুরে নিহত ব্যক্তিরা হলেন ছাত্রদল মিঠাপুকুর উপজেলার দপ্তর সম্পাদক ও মিঠাপুকুর ডিগ্রি কলেজের আহ্বায়ক ফিরোজ আহমেদ, মিঠাপুকুর উপজেলা ডিগ্রি কলেজের সদস্যসচিব আরাফাত হোসেন ও মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান।
জেলা ছাত্রদল সূত্র জানায়, তিন নেতা দুপুরে রংপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি বিক্ষোভ মিছিলে অংশ নিতে মোটরসাইকেলে করে মিঠাপুকুর থেকে রংপুরে আসেন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁরা প্রাণ হারান।
রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, রংপুরে দলের কর্মসূচিতে অংশ নিতে এসে লাশ হয়ে তাঁদের বাড়ি ফিরতে হলো। বিষয়টি খুবই মর্মান্তিক।
জয়পুরহাট পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবদুল মোমেন ফকির জানান, গত সোমবার সামছুল ইসলাম ক্ষেতলালের ফুলদিঘী গ্রামের একটি ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভাসিলা এলাকায় একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে তিনি নির্মাণাধীন সেতুর রডের ওপর পড়ে যান। আহত অবস্থায় তাঁকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে গতকাল ভোরে তিনি মারা যান।