সড়ক দুর্ঘটনায় চার সেনাসদস্য আহত
মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ক্যাপ্টেনসহ চার সেনাসদস্য আহত হয়েছেন। তাঁদের ঢাকার সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএমএ) ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সেনাসদস্যরা হলেন ক্যাপ্টেন মো. রাশেদ (২৫), সেনাসদস্য মো. শরীফ (২৭), মো. সানাউল্লাহ (২৪) ও আবদুর রাজ্জাক (২৩)। তাঁরা সাভারের সেনাক্যাম্পের ৪০ বেঙ্গলের সদস্য।
সদর থানা সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শনিবার (আজ) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য গত বৃহস্পতিবার সাভার ক্যাম্পের বেশ কয়েকজন সেনাসদস্যকে মানিকগঞ্জে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে নির্বাচনসংশ্লিষ্ট কাজে সেনাসদস্যরা তাঁদের একটি জিপে করে ঘিওর উপজেলা সদর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন। বেলা পৌনে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাগজান এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের বহনকারী জিপটিকে ধাক্কা দিলে গাড়িটি ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ক্যাপ্টেন রাশেদ ও তিন সেনাসদস্য আহত হন। এ সময় তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।