সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কুরুয়াবাজার এলাকায় গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় যাচ্ছিল। ওসমানীনগরের কুরুয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে সিলেটের দক্ষিণ সুরমার অটোরিকশাচালক ছাদিক উদ্দিন (৩৪), কানাইঘাট উপজেলার উপরপাড়া গ্রামের হাসমত আলী (৩৩), নোয়াগ্রামের ইসলাম উদ্দিন (৩২) ও জৈন্তাপুর উপজেলার বাইরগাঁও গ্রামের কবির উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান।