সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৪৭
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল রোববার ও গত শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গোদাগাড়ী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস উপজেলার সিঅ্যান্ডবি কসায়পাড়া নামক স্থানে একজন পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে দুজন নিহত ও ৩২ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তালতলা গ্রামের হারুনের ছেলে পথচারী আজিজুল হক (৫২) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে ফল ব্যবসায়ী বাবু (৩২)।আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে গোদাগাড়ী ৩১ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অন্তঃসত্ত্বা পপিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপরদিকে শনিবার রাত ১১টার দিকে উপজেলার হলের মোড় নামক স্থানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩৬) বাসের চাপায় নিহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান বলেন, এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট তৌফিকুর রহমান বলেন, রোববার সকাল সাতটার দিকে উপজেলার বকচর নামক স্থানে সিলেট থেকে রংপুরগামী রোমান পরিবহনের একটি বাসের সঙ্গে একটি গমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার বুদা মিয়া (২৫) নিহত হন। তাঁর বাড়ি পাবনা জেলার নগরবাড়ি গ্রামে। উভয় যানের চালকসহ আহত হন কমপক্ষে ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত আটজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।