সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার ভুলটিয়ায় গতকাল রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। নিহত আলী হোসেন (২৫) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়ি গ্রামের বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।একই মহাসড়কে চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামের বাইসাইকেল আরোহী এক দুধবিক্রেতা নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সদর থানার পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। মেহেরপুর শহরের আলমপুর স্কুলের সামনে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা হলেন: মোটরসাইকেলের আরোহী আনিস (১৭) ও বাবুল হোসেন (৩২)। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের খাজানগর মহল্লায়।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। আনিসের স্বজনেরা জানান, আনিস এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মুজিবনগরে বনভোজনে যাচ্ছিল।