সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাতে খুলনা-মংলা সড়কে উপজেলার ভরসাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় একটি বাস খাদে পড়ে একজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
রামপালে নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের মো. আলীর ছেলে মো. আরিফ হোসেন (২৫)। আরিফ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। নিহত অপর দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁদের একজনের বয়স আনুমানিক ২০ এবং অপরজনের বয়স ৩৫ বছর।
আরিফের বাবা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে আরিফ খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী মোড় থেকে দুজন যাত্রী নিয়ে রামপাল উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। রাত ১২টার দিকে তিনি দুর্ঘটনার খবর পান।
কাটাখালী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আবদুল মান্নান ফরাজী জানান, রাত ১১টার দিকে ভরসাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক মোটরাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনজনই মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বরগুনা সদর থেকে একটি বাসে করে ৬৫ জন ব্যক্তি ফরিদপুরের আটরশি মাজারের বার্ষিক ওরস শরিফে যোগ দেওয়ার জন্য রওনা হন। বিকেলে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় পৌঁছার পর অপর একটি বাসকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ৩৫ জন যাত্রী আহত হন। তাঁদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপতালে এক তরুণ মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি।