সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে গতকাল শনিবার ট্রাক্টর উল্টে দুই মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আট শ্রমিক।
এর আগে গত শুক্রবার রাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কের কারইলগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
মৌলভীবাজারে দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছয়জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টরটি এক স্থানের কাটা মাটি অন্য স্থানে নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিল। মাটি ফেলে ফেরার পথে গতকাল বিকেলে মৌলভীবাজার-শমশেরগঞ্জ আঞ্চলিক সড়কের নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামের মখলিছুর রহমান কলেজের পাশে আকসিঞ্চক ট্রাক্টরের পেছনের অংশ বিচ্ছিন্ন হয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের পেছনের অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান। আহত হন আটজন।
নিহত ব্যক্তিরা হচ্ছেন মৌলভীবাজার পৌর এলাকার কাজীরগাঁওয়ের জুনাইদ মিয়া (১৫) ও শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের রায়পরানের সুলেমান মিয়া (১৮)। আহতদের মধ্যে ইদন মিয়া (২৩) ও রূপন মিয়াকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাহদত মিয়া (২২), আজমান মিয়া (৪৮), আনোয়ার মিয়া (২০), শিপন মিয়া (১৮), আউয়াল মিয়া (৫০) ও নুরুজ মিয়াকে (৩৮) মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাপলে ভর্তি করা হয়েছে। আহত সবার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের রায়পরান গ্রামে। আহত ব্যক্তিরা সবাই মাটিকাটা শ্রমিক।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালেক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ছাতকে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড়কাপন গ্রামের বাবুল মিয়ার ছেলে জনি তালুকদার (১৮) এবং কারইলগাঁও গ্রামের আলতাব আলীর ছেলে মাছুম আহমদ (১৭)। আহত হয়েছেন বড়কাপন গ্রামের সায়েম আহমদ (১৯)। পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে জনি, মাছুম ও সায়েম মোটরসাইকেলে করে বড়কাপন থেকে কারইলগাঁও যাচ্ছিলেন। পথে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জনি ও মাছুমের মৃত্যু হয়। গুরুতর আহত সায়েমকে রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।