সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কিশোরসহ চারজন মারা গেছে। তাদের মধ্যে তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং একজনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় রাতুল আহমেদ নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। সে বাসার সামনে খেলছিল।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী মোড়ে বাসের ধাক্কায় ফয়েজ আহম্মেদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। ফয়েজ একটি বহুজাতিক কোম্পানির যাত্রাবাড়ী শাখার বিক্রয়কর্মী ছিলেন। গ্রামের বাড়ি কুমিল্লা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, বাস ও চালককে আটক করা হয়েছে। লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে মো. ফয়সাল ওরফে ফজলু (৩২) নামের বাহন পরিবহনের একটি বাসের চালক একই পরিবহনের আরেক বাসের ধাক্কায় মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।
খিলগাঁও থানার এসআই আলাউদ্দিন বলেন, বাসসহ চালককে আটক করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাত ১১টার দিকে ধানমন্ডি ১৯ নম্বরে সড়ক পারাপারের সময় মো. তারেক (১২) নামের এক কিশোর মারা গেছে। কিশোর ধানমন্ডির একটি রেস্তোরাঁর কর্মচারী ছিল। লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।