সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর ও রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গত সোমবার চারজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের মো. মিথুন (২০), তারাগঞ্জের অরূপ কুমার (৪২) ও কেয়ামুল হক (৪০)। দিনাজপুরে নিহত আরেক ব্যক্তির (৪০) পরিচয় জানা যায়নি।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর: পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বিরল উপজেলার রাজরিয়া গ্রামের আতিউর রহমানের ছেলে মিথুন সাইকেলে করে বিরল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গতকাল তিনি মারা যান। তাঁর মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানতে চাইলে​ দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় দুটি ইউডি মামলা করা হয়েছে।

তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, সোমবার রাতে রংপুর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাস তারাগঞ্জের জিগারতলায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সৈয়দপুর উপজেলার রসুলপুর গ্রামের কেয়ামুল হক বাসের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হন বাসের ১৮ জন যাত্রী। তাঁদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অরূপ কুমার মারা যান। অরূপ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে রংপুরে কাজ করতেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন, বিআরটিসি বাসটি ঘটনাস্থলে পুলিশের হেফাজতে আছে।