সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় গতকাল রোববার বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। একই দিন কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়সংলগ্ন বেতবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে এর সহকারী নিহত হয়েছে।

নবীগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও গ্রামের সখিনা বিবি (৪০), মখলিছ বিবি (৬০) ও আবদুল হান্নানের ছেলে সুফিয়ান (২২)। সরাইলে নিহত বাসের সহকারীর নাম শিপন মিয়া (১৪)। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার খায়ের মিয়ার ছেলে।

নবীগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, সখিনা বিবিসহ তাঁর পরিবারের লোকজন গতকাল দুপুরে অটোরিকশাযোগে উপজেলার আইনগাঁও এলাকায় পৌঁছালে সিলেটগামী মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সখিনা বিবি ঘটনাস্থলেই নিহত এবং চালকসহ পাঁচজন আহত হন। শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জ থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে মখলিছ বিবি মারা যান। হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সাথী বেগম (২৫), হেলেনা বেগম (২২) ও অটোরিকশার চালককে (৩০) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোচালকের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের শান্ত করেন। বেলা দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী উত্তরা পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাস থেকে শিপন মিয়া পড়ে যায়। এতে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার পর উত্তেজিত লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন যান চলাচল স্বাভাবিক করেন। তিনি বলেন, দুর্ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।