সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
নরসিংদীর শিবপুরে ইটবোঝাই ট্রলি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকের চাপায় লতিফ খান (৬০) নামের পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার নিহত হয়েছেন।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এ দুর্ঘটনায় নারী, শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। চালকদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার শিকার যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
সাটুরিয়ায় নিহত লতিফ খানের বাড়ি উপজেলার ধানকোড়া গ্রামে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, দুর্ঘটনার পর পর গোলড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ এবং এর চালক আবদুল আহাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।