সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
সিলেটের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল মঙ্গলবার বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি সিলেট নগরীতে যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক ফয়সল আহমদ (৩৩) ও তাঁর সহকারী মো. শাহিন (১৮) নিহত হন। ফয়সলের বাড়ি জকিগঞ্জ উপজেলার সুরান্দপুর গ্রামে। শাহিনের বাড়ি সিলেট নগরের বিমানবন্দর থানার ভাটা গ্রামে।
এদিকে, গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সুহিলপুর মীরহাটি এলাকার আরিফ মিয়া (১৯) ও সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের মুসলিম লস্কর (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা ২ নম্বর গ্যাস ফিল্ড এলাকায় কয়েকটি অটোরিকশা থেকে যাত্রী নামছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইলগামী একটি বাস দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী আরিফ মিয়া ও মুসলিম লস্কর নিহত হন। এ ছাড়া নূরে আলম (১৮), তাকমিনা বেগম (১৫) ও সুকমুর চন্দ্র সাহা গুরুতর আহত হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম গতকাল রাত নয়টায় জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা আটক করা হয়েছে।