সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুর্ঘটনায় কুষ্টিয়ায় এক ব্যবসায়ীসহ দুজন এবং মেহেরপুরের গাংনী উপজেলায় আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় নিহত দুজন হলেন মেহেরপুরের ঝাউবাড়িয়া কলপাড়া এলাকার আবদুল গনি (৩৫) ও কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা গওহর জামিল ওয়ারা (৫০)। মেহেরপুরে নিহত ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মসজিদপাড়া এলাকার আবু হানিফ (৪৪) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের আবুল হাসেম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে জামিল ওয়ারা একটি মোটরসাইকেলে করে ভেড়ামারা যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের শিমুলতলায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি মারা যান। জামিল ওয়ারা কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ের রশনী ইলেকট্রনিকের স্বত্বাধিকারী।
এদিকে গতকাল দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস একই দিকে যাওয়া একটি নছিমনকে চাপা দেয়। এতে আবদুল গনি নামের এক যাত্রী মারা যান।
রোববার বেলা তিনটার দিকে ছাগল ব্যবসায়ী হানিফ তাঁর নিজস্ব ভ্যানে করে দুটি ছাগল নিয়ে বাওট থেকে আকুবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর মাঠে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে হানিফ মারা যান।
এ ছাড়া গতকাল দুপুর সাড়ে ১২টায় একই সড়কের আকুবপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আবুল হাসেম নামের এক পথচারী নিহত হন।