সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলি ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন গৃহবধূ, একজন সবজি বিক্রেতা আর দুজন ব্যবসায়ী। বৃহস্পতিবার দিবাগত রাতে একটি এবং গতকাল শুক্রবার দুটি দুর্ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত হন সবজি ব্যবসায়ী শিপন (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী সবজি আড়তের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

শিপনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় থেকে সবজির আড়তে ব্যবসা করতেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে টিকাটুলী এলাকায় দুর্ঘটনায় নিহত হন গৃহবধূ রিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিনার স্বামী আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, তাঁরা লালবাগ কেল্লা ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে রিকশায় বাসায় ফেরার পথে টিকাটুলী এলাকায় পেছন দিক থেকে একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিনা রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাঁকে চাপা দিয়ে চলে যায়।

যাত্রাবাড়ীর ধলপুরে গতকাল বিকেল পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়লে নিহত হন স্থানীয় দোকানদার মিন্টু (৪০) ও অপু (২০)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে।