সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু
যশোর, ঝালকাঠি, বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: সোমবার দুপুর একটার দিকে যশোর-চৌগাছা সড়কের চৌগাছা ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের আবদুল হামিদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝালকাঠি: ঝালকাঠি-বরিশাল সড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার শ্রীরামপুর বাজারের সামনে গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে মোটরসাইকেলচালক মোস্তফা কাজী (৪৫) নিহত হন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।বান্দরবান: রোয়াংছড়ি-রুমা নির্মাণাধীন সড়কে নির্মাণ সামগ্রীবাহী একটি ট্রাক রুমায় যাচ্ছিল। এ সময় ট্রাকে খামতাংপাড়ার পাঁচজন খিয়াং আদিবাসী নারী-পুরুষ ছিলেন। ট্রাকটি উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে দুর্নিদোপাড়া এলাকায় গিয়ে খাড়া পাহাড়ি সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় রডের নিচে চাপা পড়ে সোমা খিয়াং (৩০) ঘটনাস্থলেই মারা যান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শান্তিনগর বাসস্ট্যান্ডে গত সোমবার রাতে ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) ঘটনাস্থলেই মারা যান।